রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলের পরিবেশনা শুরুর মুহূর্তে ব্যারিয়ার ভেঙে কনসার্ট প্রাঙ্গণে প্রবেশ করেন হাজারো ভক্ত-অনুরাগী।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়। প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই অ্যারেনার সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। সন্ধ্যা গড়াতেই অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে প্রিয় তারকা মঞ্চে ওঠার পূর্ব মুহূর্তে অ্যারেনার নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেন।
এদিকে বিনা টিকিটে বা অনিয়ন্ত্রিতভাবে দর্শকের এই প্রবেশে বিপাকে পড়েন নির্ধারিত মূল্যে টিকিট কেটে আসা দর্শকরা। ভেতরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে তারা চরম ভোগান্তির শিকার হন এবং ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে বাধ্য হয়ে কর্তৃপক্ষ প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হয়। ফলে যারা অর্থ খরচ করে টিকিট কেটেছিলেন, তাদের অনেকেই কাঙ্ক্ষিত সুবিধা ও সুশৃঙ্খল পরিবেশ না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন।
কনসার্টটির বড় আকর্ষণ হচ্ছে, দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে স্টেজে পারফর্ম করছেন গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান। আরও পারফর্ম করছেন নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, রক এন রিদম’র পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা। আমরা বিশ্বাস করি, এবারের আয়োজন বাংলাদেশের রক মিউজিকপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও জানান, এবারের আয়োজনটি চলতি বছরের অন্যতম বড় কনসার্ট হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। ওপেন-এয়ার ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ায় দর্শকেরা খোলা আকাশের নিচে প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগ করার পাশাপাশি একটি প্রাণবন্ত কনসার্টের আবহ অনুভব করতে পারবেন।
বাংলা৭১নিউজ/জেএস

























