আখেরাতে জান্নাতের সুখময় প্রশান্তির জীবন যেমন আল্লাহ তাআলার বড় নেয়ামত, দুনিয়ায় সত্যিকার শান্তিময় জীবন লাভ করলে তাও আল্লাহ তাআলার বড় নেয়ামত। প্রাচুর্য, ক্ষমতা কিংবা অর্থবিত্তের পাহাড় জমলেই জীবনে প্রকৃত প্রশান্তি আসে, তা নয়। পার্থিব সব আয়োজন সত্যেও যদি মনের ভেতরে প্রশান্তি না থাকে, অন্তর যদি হয় শূন্যতায় ভরা, তাহলে তা প্রকৃত প্রশান্তি হতে পারে না।
একজন মুমিন হিসেবে আমাদের গভীর বিশ্বাস হলো, সকল শান্তি, স্বস্তি ও নিরাপত্তার একমাত্র উৎস মহান আল্লাহ তাআলা। তাই জীবনের প্রতিটি মুহূর্তে মানসিক ও আত্মিক প্রশান্তির জন্য মহান রবের শরণাপন্ন হওয়া, তাঁর ওপর পূর্ণ ভরসা রাখা এবং তাঁর অসীম রহমতের ছায়াতলে আশ্রয় নেওয়া আমাদের জীবনযাত্রার প্রধান অনুষঙ্গ হওয়া উচিত।
হাদিসে জীবনের সব ক্ষেত্রে শান্তি লাভের জন্য একটি অত্যন্ত বরকতময় দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। অন্তরে স্থিরতা ও জীবনে প্রকৃত শান্তি কামনায় এই দোয়াটি আমরা পড়তে পারি:
উচ্চারণ: আল্লাহুম্মা আন্তাস-সালামু ওয়া মিনকাস-সালামু, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।
অর্থ: হে আল্লাহ! আপনিই তো ‘সালাম’ (শান্তির উৎস); আর শান্তি তো আপনারই পক্ষ থেকেই বর্ষিত হয়। সুতরাং হে আমাদের রব! আমাদের সুখ ও শান্তিতে জীবিত রাখুন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৫৯৯৯)
প্রতিদিনের কর্মব্যস্ততা ও জীবনের নানা চড়াই-উতরাইয়ের মাঝে নিয়মিত এ দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা চাইলে আমাদের আত্মায় প্রশান্তি দান করতে পারেন। পরম করুণাময় আমাদের জীবনকে প্রকৃত শান্তি ও স্বস্তিতে ভরিয়ে দিন, আমিন।
বাংলা৭১নিউজ/জেএস




























