ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, আমরা লক্ষ্য করেছি একটি নির্দিষ্ট দলের লোক বাড়িতে বাড়িতে এসে টাকা দিচ্ছে, বিকাশ নম্বর চাইছে। এদের দেখলেই পুলিশে ধরিয়ে দিন।
বুধবার সকাল থেকে ঢাকা-৪ এর শ্যামপুর থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি এ কথা বলেন।
তানভীর আহমেদ রবিন বলেন, যার ভোট তার কাছে আমানত। এই আমানতের হেফাজত আপনাকেই করতে হবে। আমরা কোনো মানুষকে জোরপূর্বক প্রভাবিত করতে চাই না। যার যাকে ইচ্ছা সে তাকেই ভোট দেবে। বিএনপি কাউকে প্রভাবিত করে না। বিএনপি দেশের মানুষের জন্য স্বপ্ন দেখে, সেই অনুযায়ী পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে।
একটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন বারবার বিতর্কিত কাজের মাধ্যমে একটি নির্দিষ্ট দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। তাদের দলীয় প্রধান আমার মা-বোনেদের যারা কর্মজীবী আছেন তাদের পতিতালয়ের নারীদের সাথে তুলনা করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে। এছাড়া ভোটারদের কাছে গিয়ে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে।
এই বিএনপি প্রার্থী বলেন, ৫ আগস্টের পর থেকে যখনই আপনাদের মাঝে যাওয়ার সুযোগ হয়েছে তখন থেকেই আমি আপনাদের কাছে গিয়েছি, আপনাদের কথা শুনেছি। আপনাদের ২০টি অঙ্গীকার করেছি। আমি এই অঙ্গীকার নিয়েই সবার আগে কাজ করতে চাই, যেন আপনাদের সমস্যাগুলোর সমাধান সবার আগে হয়।
বাংলা৭১নিউজ/এসএএইচ