একসময় বলিউডে মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। আশির দশকে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি গোপনে বিয়ে করার খবরও প্রকাশ্যে এসেছিল।
এবার সেই পুরোনো সম্পর্কের প্রসঙ্গে নতুন তথ্য সামনে আনলেন পরিচালক ও চিত্রগ্রাহক লরেন্স ডি’সুজা।
তার দাবি, শুটিংয়ের সময় শ্রীদেবীর জন্য মেকআপ রুমে অপেক্ষা করতেন মিঠুন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের স্মৃতি তুলে ধরেন লরেন্স। ওই ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন তিনি। সেই সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা নিজের চোখে দেখেছেন বলে জানান এই পরিচালক।
লরেন্সের ভাষ্য অনুযায়ী, শ্রীদেবী যখন শুটিং করতেন, তখন প্রায়ই সেটে চলে আসতেন মিঠুন। কখনো শুটিংয়ের সময়, আবার কখনো কাজ শেষ হওয়ার অপেক্ষায় অভিনেত্রীর মেকআপ রুমে বসে থাকতেন তিনি।
শুধু তা-ই নয়, শুটিং চলাকালে মিঠুন বারবার ফোন করতেন শ্রীদেবীকে। ফোন এলেই কাজের জায়গা থেকে সরে গিয়ে কথা বলতেন অভিনেত্রী। কথা শেষ করে আবার শুটিংয়ে ফিরতেন।
পরিচালক বলেন, সে সময় বলিউডের অন্দরমহলে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। তার কথায়, ‘সকলেই জানতেন ওদের মধ্যে সম্পর্ক ছিল। তখন মিঠুনদা বিবাহিত ছিলেন যোগিতা বালীর সঙ্গে। শুটিংয়ের সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি। মিঠুনদা এসে শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষা করতেন।’
শ্রীদেবীর স্বভাব নিয়েও স্মৃতিচারণ করেছেন লরেন্স। তার মতে, অভিনেত্রী ছিলেন শান্ত ও অন্তর্মুখী। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। নিজের মতো একা বসে থাকতে পছন্দ করতেন। কাজের প্রতিও ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান।
আশির দশকে মিঠুন ও শ্রীদেবী ছিলেন হিন্দি সিনেমার জনপ্রিয় জুটি। ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’ ও ‘গুরু’সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার রসায়নের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তখন নানা গুঞ্জন ছড়িয়েছিল।
মিঠুন তখন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। অন্যদিকে, ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে মারা যান এই অভিনেত্রী।
বাংলা৭১নিউজ/জেএস


























