শিল্পী বদলায়, বদলায় সময়ের ভাষা তবে ভালোবাসা আর স্নেহের প্রকাশ থেকে যায় একই রকম। অভিনয়ের মুগ্ধতা থেকে শুরু হওয়া এক আলাপ পরে রূপ নেয় আন্তরিকতায়। সেই অভিজ্ঞতার কথাই জানালেন অভিনেতা খায়রুল বাসার। প্রবীণ অভিনেতা জাহিদ হাসানের অভিনয় ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করার পাশাপাশি তার কাছ থেকে পাওয়া স্নেহের কথাও তুলে ধরেছেন তিনি।
খায়রুল বাসার জানান, জাহিদ হাসানের পুরোনো কাজ ‘লালন নীল বেগুনি’ দেখার পর তার অভিনয় ও পোশাকের ধরন ভালো লেগেছিল। এ নিয়ে একসময় সরাসরি অভিনেতার সঙ্গে কথাও বলেন তিনি। সেই আলাপের পর জাহিদ হাসানের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছেন, তা তার কাছে বিশেষ হয়ে আছে।
বিষয়টি স্মরণ করে খায়রুল বাসার বলেন, ‘আমাকে দেখে জাহিদ হাসান ভাইয়ের মধ্যে তারুণ্যের কোনো নস্টালজিয়া কাজ করে কি না, সেটা উনিই ভালো বলতে পারবেন। তার ‘লালন নীল বেগুনি’ নামে একটি কাজ দেখেছিলাম। তখন তাকে বলেছিলাম, সেই সময়েও আপনারা কী সাবলীল অভিনয় করেছেন! পাশাপাশি আপনার ফ্যাশন সচেতনতাও ভালো লেগেছে।’
‘সেখানে তাকে সাধারণ একটি ব্যাগি প্যান্টের সঙ্গে গামছা দিয়ে তৈরি ফতুয়া পরতে দেখেছি। বলেছিলাম, এই স্টাইলটি এখনো বেশ আরামদায়ক, সুন্দর ও মানানসই। তাকে ওই পোশাকে দেখতে খুব ভালো লেগেছে।’
আমার কথাগুলো শুনে তিনি বলেন, ‘‘বাসার, মেকআপের বাইরে থাকলেও তোকে ডেকে নিয়ে আসি। তুই আমার পাশে বস, কথা বলি।’ এরপর নানা বিষয়ে আমাদের কথা হয়। সেসব প্রসঙ্গ এখানে বলতে চাই না। তিনি আমাকে খুব স্নেহ করেন, আদর করেন। প্রায়ই বলেন, ‘তোকে কিন্তু আমি ভালোবাসি। তুই বুঝিস।’ কথাগুলো সরাসরিই বলে ফেললাম। আসলে আমাকে তিনি অনেক পছন্দ করেন। এটা আমার জন্য আশীর্বাদ।’
বাংলা৭১নিউজ/আরএইচ

























