বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো একের পর এক বাস্তবায়ন করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন খাতে অগ্রগতি ও অর্জন দৃশ্যমান হচ্ছে।
তিনি আরও বলেন, ১৭ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলেছে। পাশাপাশি চীন ও জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দেশের এই অগ্রগতি ও অর্জনে পতিত ও পলাতক ফ্যাসিস্টরা ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন বিভিন্ন খাতে ষড়যন্ত্র, চক্রান্ত, অরাজকতা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা রুখে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
আমানউল্লাহ আমান আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রা সমুন্নত রাখবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতারা সভায় অংশ নেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























