ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত সেতুটির একাংশ টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আপাতত পাশের লেন দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। দীর্ঘ সময় এভাবে চলাচল অব্যাহত থাকলে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যানজটের ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
এদিকে সেতুটি পরিদর্শনের পর ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পরিদর্শন দল। দ্রুত সমস্যার সমাধানের কথা জানানো হলেও কবে নাগাদ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, সেতুর একপাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে পুলিশের।
অপরদিকে সওজের পরিদর্শন দলের পর্যবেক্ষণে সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সওজের সেতু ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ। তবে ত্রুটি মেরামত করে কবে নাগাদ সেতুটি চালু করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি
তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ

























