চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি ম্যাগাজিন, তিনটি গুলি ও একটি বিদেশি পিস্তলসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান চালায় জোরারগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ(৩৪) এবং একই জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর(৪৪)।
পুলিশ জানায়, শনিবার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাসে করে দুই ব্যক্তি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। পরে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দুই যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭ দশমিক ৬২ মিলিমিটার বোরের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ বিধি অনুযায়ী জব্দ করে পুলিশ। একইসঙ্গে ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন মাধ্যম সূত্রে খবর পাই খাগড়াছড়ি থেকে একটি ঢাকাগামী বাসে দুই ব্যক্তি অস্ত্রসহ রয়েছেন। পরে ওই তথ্যের ভিত্তিতে তল্লাশিচৌকি বসিয়ে ওই দুই ব্যক্তির কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















