পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাইয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই বাড়িতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে গেলে সেখানেই অবস্থান করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















