দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বে বান্দা সাগরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) কোনো সুনামি সতর্কতা জারি করেনি। গভীর সমুদ্রে ও ভূপৃষ্ঠের অনেক নিচে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে রাজধানী দিলিসহ আশপাশের উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও নড়াচড়ার কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























