গণ-অভ্যুত্থানে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘দিল্লির পদতলে ক্রীতদাসের মতো বসে ওইখান থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।’
বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুরের বিকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ‘উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লার হত্যাকারীদের বিচার দাবি’তে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে তিনি আরও বলেন, ‘আমাদের ওপর গত ১৭ বছর অনেক অত্যাচার-অনাচার হয়েছে। রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করা হয়েছে। অনেকের পায়ে গুলি করেছে, অনেকের হাতে গুলি করেছে। তারপরও আমাদের কেউ পালিয়ে যায়নি। কারাগার ছিল আমাদের দ্বিতীয় বাসস্থান। ওই সময়ে সারা দেশের মানুষদের মধ্যে গুম, খুনের আতঙ্ক ছিল। ক্রসফায়ারের আতঙ্ক ছিল।’
প্রধান অতিথি রিজভী বলেন, ‘এ মাটি আমাদের নিজস্ব। আমাদের পূর্বপুরুষেরা এ মাটিতেই বেড়ে উঠেছেন। আমরা এ মাটি ছেড়ে যাইনি। কিন্তু তারা চলে গেছে। আজ শুনি- আওয়ামী লীগের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইতে স্বর্ণের দোকান দিয়েছেন, ব্যাংককে ব্যবসা ফেঁদেছেন। সেখানে আওয়ামী লীগের নেতারা বেহেশত বানিয়েছেন।’
‘বিএনপি কখনো আগুন সন্ত্রাস ও বোমাবাজি করেনি’ উল্লেখ করে রিজভী বলেন, ‘পুলিশ বক্সে আগুন লাগাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, ট্রাকে আগুন দেওয়া হচ্ছে, অফিস আদালতে বোমাবাজি হচ্ছে। কিন্তু তারা প্রকাশ্যে আসছে না।’
তিনি বিগত সরকারের উদ্দেশে আরো বলেন, ‘বিদেশে টাকা পাচার করেছে তারা। রাজকোষ শূন্য করে দিয়েছে। আন্দোলন করে, সন্ত্রাস করে আমরা রাজনীতি করতে চাই না। আমরা শান্তি চাই, স্বস্তি চাই, স্থিতাবস্থা চাই। কিন্তু তারা জোর করে জবরদস্তি করে লকডাউনের কথা বলছেন। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে সে ঘোষণা দিচ্ছেন।’
গণ-অভ্যুত্থানে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হাইস্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্রদের হত্যা করতে পারে, যে নেত্রী ছোট বাচ্চাকে হত্যা করতে পারে, সে নেত্রী জনগণের নেত্রী হতে পারে না।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচার দাবি করে বলেন, ‘আমি রাজু হত্যার বিচার চাই। রাজুর বৃদ্ধ পিতা যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন। আপনি (শেখ হাসিনা) ১৪০০ কিশোর-তরুণ-রিক্সাওয়ালাকে হত্যা করার পর, রাজুকে হত্যা করেছে আপনার লোকেরা।’
তিনি বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন, ‘১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। গত ১৭ বছর জনগণের কোনো অধিকার রাখা হয়নি। গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাধিকার হরণ করা হয়েছিল। নির্বাচনকে করা হয়েছিল- মিডনাইটের নির্বাচন, গরু-ছাগলের নির্বাচন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নিহত রাজুর বাবা আক্তার মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজু হত্যার বিচার দাবি করেন। এ হত্যার জন্য তিনি শেখ হাসিনা ও ফরিদপুর- ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীকে দায়ী বলে অভিযোগ করেন। রাজুর বাবা আখতার মোল্লা বক্তব্য দিতে উঠে মঞ্চে কেঁদে ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’
সমাবেশ বক্তব্য শেষে সমাবেশ স্থলেই রাজুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























