বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ৩৫ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের ৩৫ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা পাকিস্তান ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসির এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছেন। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশি কর্মকর্তাদের স্বাগত জানিয়ে ইসহাক দার দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক সাদৃশ্যের কথা তুলে ধরেন। দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক বিনিময় বাড়াতে নলেজ করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সুশাসন ও জনপ্রশাসনে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘস্থায়ী পেশাগত যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎ শেষে পাকিস্তানে অবস্থানকালে বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম ফলপ্রসূ ও স্মরণীয় হবে বলে কামনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলা৭১নিউজ/আরএইচ























