জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে আগামী পঞ্চম অধিবেশন শুরুর আগেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়।
এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং এ-সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, এমপি, মো. মাহবুবুল আলম, এমপি এবং মো. সাইফুল আলম, এমপির সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়।
সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























