দীর্ঘ ৩৪ বছরের অভিনয়জীবন। এই দীর্ঘ পথচলায় যেমন পেয়েছেন দর্শকের ভালোবাসা, তেমনি সামলাতে হয়েছে নানা সমালোচনা ও ট্রোলিং। তবে নেতিবাচক মন্তব্যকে কখনোই নিজের কাজের পথে বাধা হতে দেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর স্পষ্ট কথা, এত বছর ধরে নিজের পরিশ্রমে যা গড়ে তুলেছেন, তা কারও কথায় নষ্ট হতে পারে না।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোলিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে ট্রোলিংয়ের বিষয়ে ঋতুপর্ণা বলেন, আগে গঠনমূলক সমালোচনা হতো। কিন্তু এখন অনেক ক্ষেত্রে সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ, বডি শেমিং ও চরিত্র নিয়ে কটূক্তি করা হচ্ছে। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে মিম তৈরি করা আর কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা এক বিষয় নয়।
অভিনেত্রীর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যম যেমন শক্তিশালী, তেমনি ক্ষতিকরও। তাই এর ব্যবহারে একটি সীমারেখা থাকা জরুরি। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার কারও নেই বলেও মনে করেন তিনি।
দীর্ঘ ৩৪ বছরের ক্যারিয়ার নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ঋতুপর্ণা বলেন, এখনো একই নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। নতুন বিষয়, জীবনের ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্র নিয়ে কাজ করার আগ্রহও আগের মতোই রয়েছে।
তিনি বলেন, ‘এত বছর ধরে আমি যেটা গড়ে তুলেছি, কে কী কথা বলল, তাতে সেটা নষ্ট হতে পারে না। কেউ ঘৃণা করুক কিংবা উপেক্ষা করুক, তাতে কিছু করার নেই। তবে অবশ্যই চাইব, তাঁরাও আমাকে ভালোবাসুক।’
কী তাঁকে এত বছর ধরে কাজের অনুপ্রেরণা জোগায়, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, জীবনই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাঁর মতে, জীবন অত্যন্ত মূল্যবান। যতক্ষণ বেঁচে থাকা যায়, ততক্ষণ জীবনকে উদ্যাপন করা উচিত। অভিনয় তাঁর প্রথম ভালোবাসা, আর এখনো অনেক গল্প ও চরিত্রে নিজেকে মেলে ধরার ইচ্ছা রয়েছে।
নিজের ভবিষ্যৎ কাজের প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, প্রথম নারী পরিচালকের গল্প নিয়ে ‘ফাতিমা’ নামের একটি কাজ করছেন তিনি। পাশাপাশি মুম্বাইয়েও কয়েকটি প্রকল্প নিয়ে ব্যস্ততা রয়েছে। অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আরও কিছু স্মরণীয় চরিত্র রেখে যেতে চান এই অভিনেত্রী।
টালিউডের পরবর্তী ঋতুপর্ণা সেনগুপ্ত কে হতে পারেন, এমন প্রশ্নে তিনি বলেন, সেটি ঠিক করবে টালিউডই। নতুন প্রজন্মের অভিনেতাদের প্রশংসা করে তাঁর আশা, একের পর এক ভালো ও সফল সিনেমা তাঁদের দর্শকের মনে বিশেষ জায়গা করে দেবে।
এ ছাড়া রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর টালিউডের কর্মপরিবেশ নিয়েও কথা বলেন অভিনেত্রী। তাঁর মতে, বর্তমানে কাজের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এসেছে। আগে ব্যান কালচার এবং টেকনিশিয়ান নিয়োগসংক্রান্ত বিধিনিষেধের কারণে কাজের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিল, তা এখন অনেকটাই বদলেছে। এতে ছোট প্রযোজকদের জন্যও কাজের সুযোগ তৈরি হয়েছে।
সবশেষে ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে সবার কাজের সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন ঋতুপর্ণা। তাঁর আশা, বাংলা চলচ্চিত্রশিল্পে আগামী দিনে আরও ভালো কাজ হবে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























