টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য নতুন এক দ্বার উন্মোচন করলেন মুশফিকুর রহিম। প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে নাম তুলেছেন উইকেটরক্ষক-ব্যাটার।
বছরে ৫/৬ টেস্ট খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের হয়ে এমন কীর্তি গড়বেন কেউ তা সত্যি অকল্পনীয় ছিল।
সেই অকল্পনীয়কেই বাস্তবে রূপ দিলেন মুশফিক। এই লড়াইয়ের পথটা সহজ ছিল না তার জন্য। দীর্ঘ দুই দশকের পথচলা, ধারাবাহিকতা আর ব্যাট হাতে অসংখ্য লড়াইয়ের স্বীকৃতিই এই মাইলফলক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মাইলফলকটি স্পর্শ করেন মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৯ রান করতেই পূর্ণ হয় তার ৭ হাজার টেস্ট রান। ১০৭তম টেস্ট ও ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। এর আগে দেশের হয়ে পাঁচ ও ছয় হাজার টেস্ট রানও প্রথম করেছিলেন মুশফিক।
এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪ সেঞ্চুরির বিপরীতে ৩০টি ফিফটি। এখন দেখার বিষয় ৩৯ বছর বয়সী ব্যাটার ৭০৪০ সংখ্যাকে কোথায় নিয়ে যান।
মুশফিক বাংলাদেশের প্রথম হলেও ৭ হাজারি ক্লাবে ইতিহাসের প্রথমজন হচ্ছেন ওয়ালি হ্যামন্ড। ১৯৪৬ সালে ভারতের বিপক্ষে লন্ডনের ওভালে ৮০তম টেস্টে এই কীর্তি গড়েন তিনি। পরেরজন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্স।
১৯৭১ সালে জর্জটাউনে ভারতের বিপক্ষে ৭৯তম টেস্টে সাত হাজার পূর্ণ করেন তিনি। তৃতীয় ব্যাটার ভারতের সুনীল গাভাস্কার। ১৯৮২ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৮০তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়েন গ্রেগ চ্যাপেল। ১৯৮৪ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে নিজের ৮৭তম টেস্টে। পাকিস্তানের প্রথম ব্যাটার হচ্ছেন জাভেদ মিয়াঁদাদ। ‘বড়ে মিয়াঁ’ খ্যাত সাবেক ব্যাটার ১৯৮৮ সালে লাহোরে নিজের ৯৫তম টেস্টে পাকিস্তানের জন্য এই দ্বার খোলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কীর্তি গড়েন গ্যারি কারস্টেন। ২০০৩ সালে ডারবানের কিংসমিডে ৯৬তম টেস্টে। শ্রীলঙ্কার হয়ে মাহেলা জয়াবর্ধনে। ২০০৭ সালে ক্যান্ডিতে ৯২তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন সাবেক লঙ্কান অধিনায়ক। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হচ্ছেন স্টিফেন ফ্লেমিং। ২০০৮ সালে ওয়েলিংটনে নিজের ১১০তম টেস্টে এই মাইলফলক গড়েন তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























