মধ্যরাতে খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আলভীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা। তার পিতার নাম বাবুল আক্তার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারায় আলভী।
এ সময় মোটরসাইকেলসহ পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লাগে। এতে তার মাথায় আঘাত লাগে। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের নথিতে তাকে ‘ব্রড ডেড’ হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ হাসপাতালে আনার আগেই আলভী মারা গেছে।
মুঠোফোনে আলভীর খালা পরিচয় দেওয়া এক নারী জানান, এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছে আলভী। তবে ওই রাতে কেন বা কী কাজে বাইরে গিয়েছিল, তা জানাতে পারেননি তিনি।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী পলাশ জানান, রাতে পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে আলভীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























