পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই জেটিতে যান। সেখানে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য অবৈধভাবে সংগ্রহের চেষ্টা করছিলেন তারা।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ওই সময় একটি জাহাজে রফতানির জন্য পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। স্থাপনাটির সঙ্গে যুক্ত একটি পাইপলাইনে অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পণ্য চুরির চেষ্টা করেন তরুণেরা।
নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকে অসুস্থ হয়ে জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে ডুবে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ‘ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।’
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেসের অভিযোগ, নিহতরা পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের জন্য একটি ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন।
ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য অপেক্ষমাণ জাহাজগুলোতে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হয়।
ফাইনফেস বলেন, পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের সময় তরুণেরা সেটি নৌকায় তুলছিলেন। এ সময় তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
ঘটনাটি তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল সংগ্রহ ও পেট্রোলিয়াম চুরির ভয়াবহ ঝুঁকিকে আবারও সামনে এনেছে। রিভার্স প্রদেশসহ আশপাশের এলাকায় অপরিশোধিত তেল চুরি, অবৈধ তেল পরিশোধন এবং পেট্রোলিয়ামজাত পণ্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করা হয়। এ সময় তেল চুরির সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়েছিল।
এর আগে গত ২৮ আগস্ট রিভার্স প্রদেশে অভিযান চালিয়ে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করার কথা জানায় নাইজেরিয়ার নৌবাহিনী। একই অভিযানে অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস






















