ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—র-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে জল্পনা-কল্পনার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরটি নিয়মিত কার্যক্রমের অংশ।
চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গত রোববার ঢাকায় আসেন পরাগ জৈন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর—ডিজিএফআইয়ের আমন্ত্রণে তাঁর এই সফর বলে জানা গেছে। তবে সফরে কার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকার বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী নয়াদিল্লি সফর করে র-এর প্রধান পরাগ জৈনসহ ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সফরকে দুই দেশের নিরাপত্তা ও গোয়েন্দা যোগাযোগ পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।
প্রেস ব্রিফিংয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি সপ্তাহে এক দিন স্কুলশিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে নেওয়া হবে।
শেরেবাংলা নগরে সাবেক গণভবনকে রূপান্তর করে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, সংবাদপত্রের প্রতিবেদন, বিভিন্ন দলিল এবং আন্দোলনে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক চাপের কারণে ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এবং দর্শনার্থীদের ব্যবস্থাপনা আরও গুছিয়ে আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি

























