কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেই মাতারবাড়ীর মেগা প্রকল্প পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার পর সেখানে পৌঁছান তিনি। এর আগে সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়।
সফরের শুরুতেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করছেন সরকারপ্রধান।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই অনুষ্ঠানে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
পরে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তারেক রহমান। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন তারেক রহমান। পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে রাতেই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তারেক রহমান আগে চট্টগ্রাম, কক্সবাজারে এলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস






















