যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে (মিয়ামি স্টেডিয়াম) অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে (নকআউটে) পা রাখল কার্লো আনচেলত্তির দল। দলের এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ব্রাজিলীয় ফুটবলকে আরও নিখুঁত করতে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমরা এখন একটি দল হিসেবে খেলতে পারছি; তবে এটি এখনো পুরোপুরি নিখুঁত নয়। আমাদের এখনো কিছু জায়গায় দুর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং খেলার গতি আরও কিছুটা বাড়াতে হবে। তবে প্রথম ম্যাচের তুলনায় দল খুব দ্রুত উন্নতি করায় আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরও যোগ করেন, আমাদের মূল লক্ষ্যই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, এখন আমাদের পা মাটিতে রেখে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
বুধবারের এই হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিট) নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। ম্যাচে তিনি হ্যাটট্রিকও প্রায় পেয়ে যাচ্ছিলেন, তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরীক্ষার পর ফাউলের কারণে তার একটি গোল বাতিল করা হয়। এরপর দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান ৩-০ করেন কুনিয়া, যা চলতি টুর্নামেন্টে তার তৃতীয় গোল।
ব্রাজিলীয় সমর্থকরা দীর্ঘদিন ধরে তাদের দলের কাছ থেকে এমন ছন্দময় পারফরম্যান্সের আশায় ছিলেন। এদিন ম্যাচের ৭৬তম মিনিটে চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর সুপারস্টার নেইমার মাঠে নামলে গ্যালারির উল্লাস আরও বহুগুণ বেড়ে যায়।
অন্যদিকে স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক মনে করেন, ব্রাজিল এই টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে। ব্রাজিলের কাছে এই বড় ব্যবধানে হারের পর নকআউট পর্বে যাওয়ার জন্য স্কটল্যান্ডকে এখন অন্যান্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করে অপেক্ষা করতে হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ