নৌপরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনা মেনে ফেরিতে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ার ফলে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন একটি দূরপাল্লার বাসের যাত্রীরা। আজ শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘাট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এস বি পরিবহন’-এর যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে নোঙর করে থাকা ফেরি ‘কবরী’-তে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির কনভেনশন পকেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং গতি থামাতে না পেরে বিপরীত পাশের র্যাম ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস বা অন্য কোনো যানবাহন ওঠানোর আগে সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে নামিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। এস বি পরিবহনের বাসটিও ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় নদীর বুকে বাসটি তলিয়ে গেলেও ভেতরে কোনো যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও সমন্বিত প্রচেষ্টায় নদী থেকে বাসটি সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো উদ্ধার অভিযানটি ঢাকা থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা উদ্ধারকাজের সার্বিক তদারকি করার পাশাপাশি ঘাটের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ফেরিঘাটে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বেঁধে দেওয়া নিয়মাবলি কঠোরভাবে মেনে চলতে হবে। ফেরিতে গাড়ি ওঠানোর আগে সব যাত্রী নামানো, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা এবং যাত্রীদের জন্য নির্ধারিত নিরাপদ পথ দিয়ে ফেরিতে ওঠা নিশ্চিত করতে চালক, শ্রমিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলা৭১নিউজ/জেএস