শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ভাতশালা সেতু সংলগ্ন কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের দিকে ফিরছিলেন মনির হোসেন। পথে অলওয়েদার সড়কের ভাতশালা সেতু সংলগ্ন কাটাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন মনির হোসেন, তার স্ত্রী ও শিশু সন্তান।

দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে সেটি আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।
মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনার শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি মোটরসাইকেলের তিন আরোহী রাস্তায় পড়ে আছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। চালককে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com