বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে জাতিসংঘের আবাসন ও টেকসই নগর উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাট এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল আজারবাইজানের বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের দ্রুত নগরায়ন, সাশ্রয়ী আবাসন, বস্তি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নীতি ও নির্দেশিকা, বস্তি উন্নয়ন ও পুনর্বাসন, স্থানিক পরিকল্পনা আইন বাস্তবায়ন, জেন্ডার সংবেদনশীল গণপরিসর নকশ এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল এবং রাজউকের চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলাম।
ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধি দলের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিস. আনাক্লাউডিয়া রসবাখ, নির্বাহী পরিচালক, ইউএন-হ্যাবিট্যাট; মিস. কাজুকো ইশিগাকি, আঞ্চলিক পরিচালক, ইউএন-হ্যাবিট্যাট রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আরওএপি), ফুকুওকা, জাপান; মি. শ্রীনিবাস পোপুরি, প্রধান, ইউএন-হ্যাবিট্যাট ব্যাংকক মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম অফিস (এমসিও), রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আরওএপি) এবং মিস. ফারিবা আলম, ইন-কান্ট্রি ফোকাল পয়েন্ট, ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ অফিস।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল দেশের নগর উন্নয়ন খাতে সরকারের চলমান উদ্যোগসমূহ তুলে ধরে। বিশেষ করে সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন, কমিউনিটি অংশগ্রহণভিত্তিক উন্নয়ন, নারী ও প্রতিবন্ধীবান্ধব নগর অবকাঠামো, সবুজ ও পরিবেশবান্ধব নগরায়ন, বস্তি উন্নয়ন এবং নগর সেবার সম্প্রসারণ বিষয়ে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরা হয়।
এছাড়া বাংলাদেশ প্রতিনিধি দল আবাসন নীতি উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা, নগর পরিকল্পনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা কামনা করে।
ইউএন-হ্যাবিট্যাট কর্মকর্তারা বাংলাদেশের নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল উদ্যোগসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে টেকসই ও মানবকেন্দ্রিক নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ






















