
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জোহর নামাজের পর সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্মান, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, আবিদুর রহমান খান রোমানসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়।
স্বজনরা জানান, মরদেহ ঢাকায় নেওয়ার পর দাদার কবরের পাশে দাফন করা হবে। এর আগে ঢাকার নিজ বাসায় ভোরে মৃত্যুবরণ করেন গোলাম সারোয়ার মিলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোলাম সারোয়ার মিলন ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি (১৯৮১-৮২) ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ