
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গি ভর্তি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।
বাংলা৭১নিউজ/এসএএইচ