শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা ভারত–পাকিস্তান মহারণ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নানা নাটকীয়তার পর যখন ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান ম্যাচটি মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত হলো, তখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে এই ম্যাচটি ঘিরে। এবার সমস্যাটা প্রাকৃতিক। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা; কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোয় সেদিন তুমুল বৃষ্টি হতে পারে।

যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কলম্বোয় অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির উচ্চ ঝুঁকি রয়েছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে শ্রীলঙ্কা আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে কলম্বো ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে, যা ম্যাচের সূচিতে প্রভাব ফেলতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনভর তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং আবহাওয়া থাকবে গরম ও আর্দ্র। বিকেল থেকেই বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ। কিছু আবহাওয়া মডেল ইঙ্গিত দিচ্ছে, ম্যাচ শুরুর আগে ভারী বজ্রবৃষ্টি হতে পারে, ফলে টস বিলম্বিত হওয়া বা ম্যাচ সংক্ষিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

তবে রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্ন বৃষ্টির আশঙ্কা পুরো রাতজুড়েই থাকতে পারে।

এদিকে আর প্রেমাদাসা স্টেডিয়ামের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা আয়োজকদের কিছুটা স্বস্তি দিচ্ছে। এই ভেন্যুতে শুধু পিচ নয়, পুরো মাঠ ঢেকে রাখার মতো কভার রয়েছে, যা বৃষ্টির পানি আউটফিল্ডে জমতে দেয় না। গ্রাউন্ড স্টাফরা কভার থেকে হাতে পানি সরিয়ে ড্রেনেজ লাইনে পৌঁছে দেন, যা অনেক সময় যান্ত্রিক পদ্ধতির চেয়েও দ্রুত কার্যকর। সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়।

শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভারতের নির্ধারিত অনুশীলন সেশন ব্যাহত করতে পারে।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি, যদিও কয়েকটি ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিল।

গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে চার পয়েন্ট করে রয়েছে ভারত ও পাকিস্তানের। তবে নেট রানরেটে (৩.০৫০) এগিয়ে থাকায় শীর্ষে আছে ভারত, যেখানে পাকিস্তানের নেট রানরেট ০.৯৩২। যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে উভয় দল এক পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বে এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com