শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

গুলশানে মায়ের দোয়ায় তারেক রহমান, কাঁদলেন নেতাকর্মীরাও

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। দলীয় প্রধানের মৃত্যুর দুদিন পর আয়োজিত দোয়ায় অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকেই মোনাজাতে আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদেন।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) দোয়া অনুষ্ঠিত হয়। বিকাল ৪টার কিছু সময় আগে তারেক রহমান দোয়ায় অংশ নিতে আসেন। এরপর জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন তারেক রহমান।

নামাজ শেষে তার মা ও দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক এই সরকারপ্রধানের জন্য এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার দল বিএনপি।

খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীসহ অনেকে।

মসজিদে নারীদের পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তাঁর মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তাঁর মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের সদস্য এবং স্বজনেরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। পরদিন বুধবার দুপুরে রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে তাঁকে স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com