ফুটবল থেকে এই মুহূর্তে বিরতিতে আছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর স্প্যানিশ এই কিংবদন্তি কোচের সামনে মাঝে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছিল। তবে লোভনীয় সেই আহবান ছেড়ে বিরতি নেওয়াকেই বেছে নেন গার্দিওলা। যে কারণে তিনি এখনও বিব্রত। তবে ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা আছে সাবেক এই বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ কোচের।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও’র ব্যক্তিগত চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা জানান, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর তার বিশ্রাম প্রয়োজন ছিল। এ কারণেই ইতালির কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি দেননি তিনি। এর আগে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ম্যানসিটির ডাগআউটে কাটানো এক দশক ছিল সাফল্যে মোড়ানো। এই সময়ে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘এই প্রথম বিষয়টি নিয়ে কথা বলছি। তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। ইতালির মতো একটি দেশকে “না” বলতে গিয়ে আমি বিব্রতবোধ করেছি। ইতালি জাতীয় দলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মানের বিষয় হতে পারত। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আমার থামা প্রয়োজন। তারা যদি দুই বছর আগে যোগাযোগ করতেন, সম্ভবত আমি রাজি হয়ে যেতাম।’
‘কিন্তু পাওলো মালদিনি ও লিওনার্দো, যাদের আমি ভীষণ ভালোবাসি, তারা যখন যোগাযোগ করেছিলেন তখন আমার বিরতি নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। নিজের জন্য কিছুটা সময় প্রয়োজন ছিল। ১৮ বছর ধরে কোচিং করাচ্ছি। প্রতি তিন দিন পরপর ম্যাচ, সপ্তাহের পর সপ্তাহ একই ব্যস্ততা। একটা সময় আসে, যখন আপনাকে শুধু বলতে হয়, এবার একটু থামি’, আরও যোগ করেন ৫৫ বছর বয়সী এই মাস্টারমাইন্ড।
একইসঙ্গে ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা আছে বলেও জানিয়েছেন গার্দিওলা, ‘আমি জানি না কোথায় ফিরব। তবে এমন একটি দল আছে, যাদের কখনও কোচিং করাইনি, অথচ করতে চেয়েছি। সেটি একটি জাতীয় দল। আর এটাই হতে পারে আমার পরবর্তী পদক্ষেপ।’
এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র জাতীয় দল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েছেন মরিসিও পচেত্তিনো। ফলে মার্কিন দলটির সম্ভাব্য প্রধান কোচের আলোচনায় এসেছিল গার্দিওলার নাম। যদিও যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশনের একটি সূত্র জানিয়েছিল, তাকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করার কথা বলার সময় তখনও আসেনি। পচেত্তিনোকেও এ নিয়ে জিজ্ঞেস করা হলে আর্জেন্টাইন এই কোচ বলেছিলেন, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য গার্দিওলার এটাই ‘সঠিক সময়’।
গার্দিওলা অবশ্য কোচিংয়ের বাইরের সময় কাটিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না। একেবারেই জানি না। তবে আপাতত আমি ভালো আছি। কখনও যদি ফিরে আসি, তাহলে নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করেই আসব। পাশাপাশি কেউ আমাকে চাইলেই ফিরব। অনেক বছর ধরে কোচিং করিয়েছি, অনেক অনেক ম্যাচ খেলিয়েছি।’
বাংলা৭১নিউজ/আরএইচ


























