দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে নেই বিশেষজ্ঞ কোনো স্পিনার। ৪ পেসার থাকতেও পার্ট টাইমার মুমিনুল হককে বোলিং করতে হয়েছে ২৩ ওভার। বাংলাদেশের ৪ পেসার নিজেদের ভূমিকায় ব্যর্থ হয়েছেন বলে আলোচনা রয়েছে। সেটা স্বীকার করে নিয়েছেন শরিফুল ইসলামও।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন শরিফুল। বোলিং ইউনিটের ব্যর্থতা নিয়ে তিনি বললেন, ‘পেস বোলিং ইউনিটে যদি বলেন, আমরা তেমন ভালো বল করতে পারিনি। দক্ষিণ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে। আমরা হয়তো গোছানো বোলিং করতে পারিনি। বোলিংয়ে আমরা শুরুতে এবং শেষের কিছু ওভারে সহজ বাউন্ডারি দিয়েছি। তারা সেগুলা খুব লুফে নিয়েছে, আর ভালো বলগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এদিক দিয়ে ওরা এগিয়ে গেছে। এই ইনিংসে পেসাররা ভালো বল করতে পারিনি।’
যদিও উইকেটে যথেষ্ট সহায়তা ছিল বলে মনে করেন শরিফুল, ‘আমরা সত্যি বলতে এক জায়গায় বোলিংটা করতে পারিনি। যেখানে (পিচ করে) বলটা নড়ছিল (মুভ করছিল), ওখানে আমরা বেশিক্ষণ বল ফেলতে পারিনি। হয়তো আমরা বেশি জায়গা দিয়েছি, কাট খেলার সুযোগ দিয়েছি বেশি। আবার ব্যাক অব লেন্থেও বল করেছি। দেখা যাক পরের ইনিংসে কী করতে পারি। এর থেকে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে পরিকল্পনা করব।’
প্রত্যাশা বেশি থাকায় কি ভালো করতে পারেননি শরিফুল, ‘না না, আমি আসলে প্রেশার নিইনি। চেষ্টা করছিলাম অন্য ম্যাচগুলোতে যেভাবে খেলেছি, সেভাবেই করার। হয়তোবা একটা ইনিংস খারাপ গেছে। পরের ম্যাচ বা পরের ইনিংসগুলো যাতে ভালো করা যায় এবং কীভাবে করা যায় তা নিয়ে কাজ করব।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























