ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ৪৬টি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ২১টি কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রমিক অসন্তোষের জেরে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অস্থিরতার মধ্যেও শিল্পাঞ্চলের ১ হাজারের বেশি কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক আছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সকালে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের বেশ কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। এ পরিস্থিতিতে সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কোথাও বিক্ষোভ এবং অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে ২১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া সকাল থেকে বিকেলে পর্যন্ত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/আরএইচ























