সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের চিত্রটা ছিল একদম অন্যরকম। গাড়ির হর্ন নেই, যানজট নেই, ব্যস্ততা নেই। শেখ জায়েদ রোডের ১৪ লেনের বিশাল মহাসড়ক দখল করে নিয়েছে হাজার হাজার মানুষ। পরনে সবুজ টি-শার্ট, পায়ে স্পোর্টস সু, সবার মুখে হাসি।
রোববার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকেই দুবাই রান ২০২৬-এ অংশ নিতে রাস্তায় নামতে শুরু করেন দৌড়বিদরা। সকাল সাড়ে ৬টায় প্রথম ওয়েভের দৌড় শুরু হতেই মুহূর্তে শেখ জায়েদ রোড পরিণত হয় বিশাল এক রানিং ট্র্যাকে।
এবারের দুবাই রানে ছিল দুটি রুট – ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার। দুটি রুটই শুরু হয় মিউজিয়াম অব দ্য ফিউচারের কাছ থেকে।
৫ কিলোমিটার : পরিবার, নতুন দৌড়বিদ ও হাঁটতে আসা মানুষদের জন্য। এই রুট শেষ হয় শেখ মোহাম্মদ বিন রাশিদ বুলেভার্ডে, দুবাই মলের কাছে। বুর্জ খলিফা আর দুবাই অপেরার পাশ দিয়ে দৌড়ে যান অংশগ্রহণকারীরা।
১০ কিলোমিটার : অভিজ্ঞ দৌড়বিদদের জন্য। দুবাই ক্যানাল ব্রিজ পার হয়ে আবার শেখ জায়েদ রোড ধরে ঘুরে শেষ হয় ডিআইএফসি গেট বিল্ডিংয়ের কাছে। এটি কোনো প্রতিযোগিতামূলক রেস ছিল না। যে যার মতো করে দৌড়েছেন, জগিং করেছেন, হেঁটেছেন। পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে, বাচ্চাদের স্ট্রলারে করে সবাই ছিলেন।
দৌড়ের পাশাপাশি আকাশেও ছিল চমক। সংযুক্ত আরব আমিরাতের আল ফুরসান অ্যারোবেটিক টিম আকাশে মনোমুগ্ধকর ডিসপ্লে দেখায়। প্যারামোটর থেকে সবুজ আর নীল ধোঁয়া ছেড়ে দুবাই রানের রঙ ছড়িয়ে দেওয়া হয় আকাশে। রাস্তায় দৌড়াতে দৌড়াতে মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে ছিলেন সবাই।
দুবাই রান শুরু হয়েছিল ২০১৯ সালে। প্রথম আসরে অংশ নিয়েছিলেন প্রায় ৭০ হাজার মানুষ। মাত্র কয়েক বছরে এটা বিশ্বের অন্যতম বড় কমিউনিটি রানিং ইভেন্টে পরিণত হয়েছে।
গত বছর ২০২৫ সালের আসরে অংশ নিয়েছিলেন ৩ লাখ ৭ হাজারের বেশি মানুষ, যা ছিল নতুন রেকর্ড। এবারও লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের চূড়ান্ত সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
দুবাই রান হলো দুবাই ফিটনেস চ্যালেঞ্জের ফ্ল্যাগশিপ ইভেন্ট। এবার ১০ম আসরে পা দিয়েছে এই উদ্যোগ। ৩১ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই চ্যালেঞ্জ। এর উদ্দেশ্য হলো – টানা ৩০ দিন প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক ব্যায়াম করা। ভোরের দুবাইয়ে গাড়িমুক্ত সড়কে দৌড়ানোর এই অভিজ্ঞতা নিতেই প্রতিবছর লাখো মানুষ জড়ো হন শেখ জায়েদ রোডে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























