বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

‘ফুটবলার বুলবুল’ যখন ক্রিকেট বোর্ডের সভাপতি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের ক্রিকেটে বুলবুল কতটা উজ্জ্বল নক্ষত্র, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আইসিসির মোটা বেতনের চাকরি ছেড়ে দিয়ে আজ শুক্রবার তিনি নির্বাচিত হতে চলেছেন দেশের ক্রিকেটের অভিভাবক প্রতিষ্ঠান বিসিবির সভাপতি।

ক্রিকেট বোর্ড এমন একজন সভাপতি পেতে যাচ্ছে, যিনি ছিলেন একজন ফুটবলারও। ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন। পরে পুরো মনযোগ দিয়েছিলেন ক্রিকেটে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি।

পুরোদস্তর ক্রিকেটার হওয়ার আগে বুলবুল যে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়েও খেলেছেন তা অনেকের কমবেশি জানা। এই জানা কাহিনীর মধ্যে কিছু অজনা গল্পও আছে ‘ফুটবলার বুলবুলের’।

তিনি এতটাই ফুটবল পাগল ছিলেন যে, এইচএসসি পরীক্ষা না দিয়েই স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন ফুটবল ম্যাচে। যে কারণে তাকে দ্বিতীয়বার এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করতে হয়েছিল।

আমিনুল ইসলাম বুলবুল ফুটবল ও ক্রিকেট খেলেছেন যখন, তখন স্টেডিয়ামের গ্যালারি থাকতো দর্শকে টইটুম্বুর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অর্ধ লক্ষাধিক দর্শকের সামনে ফুটবল ও ক্রিকেট খেলে ক্রীড়াবিদ হয়েছিলেন তিনি। দেশের খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা জাতীয় স্টেডিয়ামের সঙ্গে তার প্রাণের সম্পর্ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কর্মরত বুলবুল দুই দিনের জন্য ঢাকায় আসলেও একবার হলেও ঢু-মারেন স্টেডিয়ামে।

বুলবুলের প্রিয় ক্লাব মোহামেডান। ঢাকায় আসার পর মোহামেডানের খেলা থাকলেই ছুটে যান মাঠে। ক্লাবে যান। এই তো এইবার বিসিবি সভাপতি হতে ঢাকায় এসেও সময় বের করে একদিন মোহামেডান ঘুরে এসেছেন।

১৯৮৬ সালে ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগের মুক্তিযোদ্ধা ও ইস্টএন্ড ক্লাবের ম্যাচ দেখতে বুলবুল মাঠে গিয়েছিলেন পরীক্ষার হলে না ঢুকে। ওই সময় বুলবুল ফুটবল খেলতেন ইস্টএন্ড ক্লাবে। ওই ম্যাচটি ছিল ইস্টাএন্ড ক্লাবের রেলিগেশন এড়ানোর ম্যাচ।

ওইদিন বুলবুলের এইচএসসির অর্থনীতি পরীক্ষা ছিল। পরীক্ষার হলে ঢুকতে নটরডেম কলেজে গিয়েও ফিরে এসে ঢুকেছিলেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আলাপচারিতায় বুলবুল বলছিলেন, ‘ওই ম্যাচে আমার ক্লাব ইস্টএন্ড ১-০ গোলে হেরে গিয়েছিল। রেলিগেশন থেকে দলকে বাঁচাতে পারিনি। ম্যাচের পর অনেক কেঁদেছিলাম।’

ফুটবল ম্যাচের জন্য পরীক্ষা দেননি, সেটা বুলবুল পরিবারের কাউকে বলেননি। রেজাল্টের পর পরিবার জেনেছিল বুলবুল ফেল করেছেন। পরেরবার আবার পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করেন। পরিবারের সবাই রাগ করতেন, কষ্ট পেতেন বলে বুলবুল ওই ঘটনা চেপেই রেখেছিলেন।

ফুটবলে স্ট্রাইকার ছিলেন বুলবুল। পাইওনিয়ার লিগে গেন্ডারিয়া ফেমাসের হয়ে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। ঘরোয়া ফুটবল লিগের সিঁড়ি বেয়ে তখনকার সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ারেও খেলেছেন।

বুলবুলের ফুটবলার হওয়ার স্বপ্নটা শেষ হয়ে যায় ১৯৮৭ সালে। ইস্টএন্ড ক্লাব প্রথম বিভাগে নেমে যাওয়ার পরের বছর বুলবুল নাম লিখিয়েছিলেন প্রিমিয়ারের দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে বড় ধরনের ইনজুরিতে পড়েন বুলবুল। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে ‘ফুলস্টপ’ পড়ে বুলবুলের ফুটবল ক্যারিয়ারে।

ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেলেও আমিনুল ইসলাম বুলবুলের চোখ এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে। তিনি কখনোই মনে করেন না যে, বাংলাদেশের ফুটবল শেষ হয়ে গেছে। দেখা হলেই ফুটবল নিয়ে বুলবুলের আলাপ চলে। বলেন, ‘আমাদের ফুটবল এগোয়নি। এক জায়গায় থেমে আছে। বিশ্ব ফুটবল এগিয়ে যাওয়ায় আমাদের এ অবস্থা।’

দেশের দুই প্রধান খেলা ফুটবল ও ক্রিকেটের সব খবর রাখেন বুলবুল। বিসিবির সভাপতি হওয়ার পর তিনি এই প্রতিবেদকের সাথে ফুটবল নিয়েও আলোচনা করেন।

বুলবুল বলেন, ‘আমাদের ফুটবলের ভালো একটা সময় যাচ্ছে। হামজা চৌধুরী ও শামিত সোমের কারণে ক্রেইজ অনেকে বেড়েছে। ফুটবল এগিয়ে গেলে আমার খুব ভালো লাগে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com