রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যোগাযোগস্থলে তিস্তা নদী অবস্থিত। তিন জেলার মানুষ দীর্ঘদিন ধরে পীরগাছার পানিয়ালের ঘাট থেকে উলিপুরের থেতরাই দিয়ে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেতু না থাকায় তিন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানিশূন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে আয়োজন করা হয় ব্যতিক্রমী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পানিয়ালের ঘাট সংলগ্ন চরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবারও ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রথম দিনের প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয় মাত্র ছয় বছর বয়সী পঞ্চগড়ের সাব্বির। ঘোড়দৌড় দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই এ এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। পাশাপাশি কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, পানিয়ালঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার বলেন, কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















