চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উৎসবে যোগ দিতে আসা সাবেক শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সাবেক শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন।
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব।
বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং আমন্ত্রিত অতিথিরা। দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের সাবেক শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কেক কাটা হয়। এর আগে শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় হীরকজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান গত আট মাসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও হাতে-কলমে কাজের সুযোগ পেয়ে বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারবেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমবারের মতো সব বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে। অধিকাংশ বিভাগের ফলাফল ২৫ দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে। ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষার নম্বর ও মূল্যায়ন কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতিও চালু করা হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা, সনদ উত্তোলন ও যাচাইয়ের কার্যক্রম স্বয়ংক্রিয় করা হয়েছে। ফলাফল প্রকাশের প্রক্রিয়াও অনলাইনে নেওয়ার উদ্যোগ চলছে। এ ছাড়া গবেষণা, তৃতীয় ভাষা শিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। নবীন শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা, ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন।
তাদের স্মৃতিচারণে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের অতীত দিনের নানা ঘটনা, শিক্ষাজীবনের আনন্দ-বেদনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয়ের বিকাশের বিভিন্ন অধ্যায়। সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে আয়োজন। বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
বাংলা৭১নিউজ/আরএইচ



























