কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর তারিখে পেয়েছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর তারিখ থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্ব-স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেছি।
সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন পদত্যাগপত্র পান, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হবে। এ অবস্থায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। আসনটি শূন্য হওয়ার বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী সংসদকে অবহিত করা হয় বলে জানান স্পিকার।
বাংলা৭১নিউজ/আরএইচ





















