আজ বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও জমিদার রণদা প্রসাদ সাহার জন্মদিন। ১৮৯৬ সালের এই দিনে ঢাকার সাভারের কাছুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি।
বাবা দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার এবং মা কুমুদিনী দেবী। তাদের আদি বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি আরপি সাহা নামে বেশি পরিচিত।
শৈশব থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন রণদা প্রসাদ।
মাত্র সাত বছর বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মাকে হারান। এরপর বিমাতার সংসারে দারিদ্র্য ও দুর্ভোগের মধ্যে কাটে তার দিন। মির্জাপুর বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৪ বছর বয়সে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে জীবিকার তাগিদে মুটের কাজসহ বিভিন্ন পেশায় যুক্ত হন।
প্রথম বিশ্বযুদ্ধে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের সদস্য হিসেবে মেসোপটেমিয়ায় যান। যুদ্ধ শেষে ১৯১৯ সালে ইংল্যান্ড সফর করেন। পরে রেলওয়েতে টিকিট কালেক্টরের চাকরি নেন। ১৯৩২ সালে চাকরি ছেড়ে কয়লার ব্যবসা শুরু করেন।
১৯৭১ সালের এপ্রিলে পাকিস্তানি বাহিনী তাকে ও ছেলে ভবানীপ্রসাদ সাহাকে (রবি) ধরে নিয়ে যায়।
৭ মে দ্বিতীয়বার নিয়ে যাওয়ার পর তাদের আর খোঁজ মেলেনি। সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৮ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে বাংলাদেশ সরকার।
বাংলা৭১নিউজ/আরএইচ























