বিশ্বকাপের পর নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ব্রাজিল। সেই পথে উন্নতির ছাপও দেখছেন অধিনায়ক রাফিনিয়া।
কিন্তু গতকাল জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিলের এই ফরোয়ার্ডের কণ্ঠে হতাশার চেয়ে ক্ষোভই বেশি। বিশেষ করে ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, মাঠে প্রতিপক্ষের পাশাপাশি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধেও লড়তে হয়েছে ব্রাজিলকে।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে কাল ২০ মিনিটের মধ্যে ২ গোল করে ব্রাজিলকে চমকে দেয় জাপান।
এরপর ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফিরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে জয় নিশ্চিত করে জাপান। আর সেই গোল ঘিরেই শুরু হয় বিতর্ক।
ম্যাচ শেষে সরাসরি রেফারির সমালোচনা করেন ব্রাজিল অধিনায়ক হিসেবে খেলা রাফিনিয়া, ‘বিশ্বকাপের পর আমরা উন্নতি করছি, নিজেদের খেলার ধরন খুঁজে পাওয়ার চেষ্টা করছি।
আমার মনে হয়, আমরা দারুণ খেলেছি। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি। কিন্তু রেফারির বিপক্ষে খেলতে হলে কাজটা কঠিন হয়ে যায়। তখন সবকিছু আরো জটিল হয়ে পড়ে।’
তবে হারের সব দায় রেফারির ওপর চাপাতে চাননি রাফিনিয়া।
নিজেদের উন্নতির প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছেন তিনি, ‘আমি বলছি না যে, আমাদের কোনো দোষ নেই। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে, আমরা করবও। কিন্তু আজকের রেফারিংকে আমরা উপেক্ষা করতে পারি না।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের বড় বহিঃপ্রকাশ দেখা গেছে ম্যাচের শেষ মুহূর্তে। ৭১ মিনিটে এনদ্রিকের বদলি হিসেবে মাঠ ছাড়েন রাফিনিয়া। তবে মাঠের বাইরে থেকেও খেলার শেষ দিকে উত্তেজনায় জড়িয়ে পড়েন তিনি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে জাপানের হয়ে জয়সূচক গোল করেন সাকামোতো। গোলটির আগে বলের দখল নিতে গিয়ে ব্রাজিলের মিডফিল্ডার জোয়াও গোমেসের সঙ্গে সংঘর্ষে জড়ান জাপানের তাকুমি মিনামিনো।
ব্রাজিলের খেলোয়াড় ও ডাগআউটে থাকা সদস্যদের দাবি, মিনামিনো ফাউল করেছিলেন। কিন্তু সিঙ্গাপুরের রেফারি জানসেন ফু চুয়ান হুই খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পরও গোলটি বৈধ থাকে।
এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাফিনিয়া ও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দুজনই ডাগআউট ছেড়ে মাঠে ঢুকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন। উত্তেজনার একপর্যায়ে রাফিনিয়া ও আনচেলত্তিকে লাল কার্ড দেখান রেফারি।
শুধু শেষ গোলটিই নয়, ম্যাচের প্রথম গোলের আগে হ্যান্ডবল এবং প্রথমার্ধে নিজের পক্ষে পেনাল্টি না পাওয়ার ঘটনাও রেফারির ভুল সিদ্ধান্ত বলে মনে করেন রাফিনিয়া। সব মিলিয়ে জাপানের কাছে হারটা তার কাছে যতটা হতাশার, রেফারিং নিয়ে ক্ষোভও ততটাই।
বাংলা৭১নিউজ/আরএইচ



























