ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়া নেত্রকোনা জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন তারাকান্দা এলাকায় ভোর ছয়টার দিকে কোতোয়ালি থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। মামলাটির তদন্ত কর্মকর্তা সুফল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা সুফল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাই। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সহায়তা নিই। আদালত থেকে পালানোর পর সে সিদ্ধান্তহীনতায় ছিল যে কোথায় যাবে। পরে তার বোনের বাসায় যায়। সেখান থেকে বুধবার সন্ধ্যায় তার নিজ বাসায় যায়। পরে খালার বাসায় যায় রাতে। অভিযান চালিয়ে আজ ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বেলা ২টার দিকে তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে, গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।
দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি পালানোর বিষয়টি জানা যায়। ওই দিনই আসামি কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।
তিনি বলেন, সেদিন আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যায়। মামলার পরে এদিন নেত্রকোনা থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
আদালত সূত্রে জানা যায়, আসামি কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত রুকু মিয়া। দক্ষিণখান থানার হত্যা মামলায় কাউসার মিয়া আসামি। এ মামলায় তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৭৮/২২ চলমান। সেদিন ওই আসামিকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।
মামলার সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানে দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের এক কিশোরীকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
২০২১ সালের ৩০ জুন মামলার তদন্ত শেষে কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরু হয়। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক রয়েছেন আসামি কাউসার।
বাংলা৭১নিউজ/আরএইচ

























