অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি ছিল। কিন্তু শুরুর আগেই শেষ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপযাত্রা।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় কাতারে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার)। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের চিঠি দিয়ে ফেডারেশন লিখেছে, ‘আমরা বিশ্বকাপের আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ বাতিলের কঠিন সিদ্ধান্তের কথা জানাচ্ছি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড় ও কোচদের প্রস্তুতি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।
সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে চিঠিতে আরো লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাতারবিষয়ক তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নির্দেশনাসহ বর্তমান পরিস্থিতিতে আমরা আর টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপত্তাই আমাদের কাছে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার।’
গত ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে কাতার ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়।
প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কতায় উল্লেখ করা হয়।
৪৮ দলের এই বিশ্বকাপ শুরু হওয়ার কথা ১৯ নভেম্বর। ফাইনাল ১৩ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ছিল ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
গত আসরেও কাতারে হয়েছিল টুর্নামেন্টটি। সেবার শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ফিফা ঘোষণা দিয়েছিল, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করবে কাতার।
বাংলা৭১নিউজ/আরএইচ




























