হারার পর স্বাভাবিকভাবেই মন খারাপ থাকে সবার। সেই হার যদি হয় টুর্নামেন্টের বাঁচা-মরার তাহলে ভাবুন হতাশার মাত্রা কেমন হতে পারে।
গতকাল এমনই রাত গেছে শ্রীলঙ্কার। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় পরাজয় দেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
তবে এমন শোকের রাতে ম্যাচ নয়, মাঠের বাইরের ঘটনায় ক্ষুব্ধ আবদুল্লাহ আল মুতাইরি। তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এমন ই-মেইল নাকি আগের রাতে করেছেন সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ।
সংবাদ সম্মেলনে এসে তাই ম্যাচ নয়, অসময়ে ই-মেইল করায় তানজিমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শ্রীলঙ্কার কোচ।
মোবাইলে ই-মেইল দেখিয়ে মুতাইরি বলেছেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’
২০২১ ও ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ঘটনা টেনে এনে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন মুতাইরি। কোচ বলেছেন, ‘ভারতের কোচ পাকিস্তানের খেলোয়াড়ের গায়ে হাত দিলেন, তখন কোনো সমস্যা হলো না।
অথচ আমার সামান্য কিছু কথার জন্য আমাকে ছয় মাস বা এক বছরের নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে। কেন এই দ্বৈতনীতি?’
২০২১ সালের সাফের দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে মুতাইরকে ফাইনালে নিষিদ্ধ করা হয়েছিল। তার দাবি, প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান নেই।
মুতাইরি বলেন, ‘২০২১ সাফেও উনি লিগ্যাল হেড ছিলেন। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে আমাকে ফাইনাল থেকে নিষিদ্ধ করেছিলেন।
প্রতিযোগিতার বাই-লজে যদি এমন একটি ধারাও খুঁজে পান, যেখানে দুটি হলুদ কার্ডের কারণে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করার কথা বলা আছে, তাহলে আমি ফুটবল কোচিং ছেড়ে দেব।’
তানজিমের বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেওয়ার কথাও জানিয়েছেন মুতাইরি। শ্রীলঙ্কার কাতারি কোচ বলেছেন, ‘যখন হাশরের ময়দানে আল্লাহর সামনে আমি আর আপনি মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? সেখানে কেউ থাকবে না। কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে ফরিয়াদি হবো।’
সেই ই-মেইল পাওয়ার পর থেকেই নাকি মুতাইরির মন ডেকেছে ম্যাচ হারবেন তারা। তিনি বলেছেন, ‘সত্যি বলতে, ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি জানতাম যে আমরা হারতে যাচ্ছি। কারণ আমরা তো আর বিশ্বকাপ খেলিনি।’
এমন আচরণে সাফ ছাড়ার ঘোষণা দেন মুতাইরি। তার আগে বর্ণবাদের অভিযোগ তুলে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সাফে সমস্যা আছে। তবে আরবদের তারা পছন্দ করে না। এটাই সাফ অঞ্চলে আমার শেষ আসর।’
বাংলা৭১নিউজ/আরএইচ




























