পপসম্রাজ্ঞী ম্যাডোনার জীবন ও কর্মজীবন নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা কয়েক বছর আগে ঘোষণা করা হয়েছিল। ছবিতে ম্যাডোনার চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিজেই অভিনেত্রী জুলিয়া গার্নারকে বেছে নিয়েছিলেন।
তবে ছবিটি আদৌ তৈরি হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গার্নারও জানিয়েছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন।
‘ওয়েপনস’ ছবির এই অভিনেত্রীকে সম্প্রতি জিজ্ঞাসা করা হয়, ম্যাডোনার বায়োপিকের কাজ এখনো চলছে কি না। জবাবে গার্নার বলেন, ‘আমি জানি না।
এক অর্থে, প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলাচ্ছে।’
২০২০ সালে প্রথম ম্যাডোনার বায়োপিক তৈরির ঘোষণা আসে। ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লেখার দায়িত্বও ছিল ম্যাডোনার। এ কাজে তার সঙ্গে ছিলেন ডায়াবলো কোডি ও এরিন ক্রেসিডা উইলসন।
তবে ২০২৩ সালের জানুয়ারিতে জানা যায়, ইউনিভার্সাল পিকচার্স ছবিটি বাতিল করেছে। পরে ২০২৪ সালের জুলাইয়ে ম্যাডোনা জানান, তিনি আবারও বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।
এরপর ২০২৫ সালে ডেডলাইন জানায়, ম্যাডোনা ও পরিচালক শন লেভি নেটফ্লিক্সের জন্য তার জীবনভিত্তিক একটি টিভি সিরিজ তৈরির বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।
বায়োপিক তৈরির বিষয়ে গার্নার বলেন, ‘এটা আমার হাতে নেই। অবশ্যই আমি চাই ছবিটি তৈরি হোক।
তবে যা-ই ঘটুক না কেন, আমার মনে হয় আমি একজন দারুণ বন্ধু পেয়েছি। আমি ম্যাডোনাকে ভালোবাসি। আমার মতে, তিনি অসাধারণ।’
ম্যাডোনার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন গার্নার। তার ভাষায়, ‘তিনি কঠোর পরিশ্রম করেন। কিভাবে সঠিকভাবে কাজ করতে হয়, তা তিনি আমাকে শিখিয়েছেন।’
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ডব্লিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গার্নার জানিয়েছিলেন, তখনো বায়োপিকটির কাজ চলছিল।
বাংলা৭১নিউজ/আরএইচ




























