দীর্ঘদিন ধরে নতুন কমিটি না থাকায় সাংগঠনিক সংকট ও নেতৃত্বের অনিশ্চয়তায় রয়েছে বিএনপির ফ্রান্স শাখা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির নামে বিভিন্ন প্রচারণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও অসন্তোষ।
মাহবুবুল আলম রাঙ্গাকে সভাপতি এবং মোহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের প্রচারণা চালানো হলেও এ ধরনের কোনো কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ফ্রান্স বিএনপির তিন সাবেক নেতা।
শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম এবং সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বিবৃতিতে তাঁরা বলেন, বিএনপির ফ্রান্স শাখার নতুন কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
দলের অনেক নেতাকর্মী বিভিন্ন পদে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন। কিন্তু কমিটি ঘোষণার আগেই তাঁদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এতে তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তাঁরা আরো বলেন, দল যাঁকে যোগ্য মনে করবে, তিনিই আগামীতে নেতৃত্বে আসবেন।
এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দলের কাছে ছোট করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য দলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষা করার অনুরোধ জানান।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে সৈয়দ সাইফুর রহমানকে সভাপতি এবং এম এ তাহেরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয়ভাবে ফ্রান্স বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়।
সে সময় ইউরোপ অঞ্চলের দায়িত্বে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। দীর্ঘ সময় সাইফুর রহমান ও এম এ তাহেরের নেতৃত্বে ফ্রান্স বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তাঁদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে।
তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রের নির্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স বিএনপির তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন খোকন বিদ্যমান কমিটি বিলুপ্ত করেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। ফলে সংগঠনটির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়তে থাকে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ফ্রান্সের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিস্বার্থের কারণে দীর্ঘদিন ধরে কমিটি গঠনের প্রক্রিয়া ঝুলে রয়েছে। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরবর্তীতে ফ্রান্স বিএনপির সাংগঠনিক দায়িত্ব পান সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকন। বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা দায়িত্ব গ্রহণের পর সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিলেও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তাঁর কার্যক্রম মূলত অনলাইন বৈঠক ও জুম সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁদের মতে, ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক ইউনিটের সংকট নিরসনে সরাসরি মাঠপর্যায়ে এসে পরিস্থিতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্রান্সে এসে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি তাঁকে।
এদিকে দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতাদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা, পারস্পরিক দূরত্ব ও নানা ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির নামে বিভিন্ন প্রচারণা সেই সংকটকে আরো জটিল করে তুলছে।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, অভ্যন্তরীণ বিরোধ ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ফ্রান্স বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এতে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























