নিরাপত্তা জোরদার করতে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা/কর্মচারীকে তাদের সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।
এতে আরো বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত ও OTP এর মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আবশ্যিকভাবে সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাংলা৭১নিউজ/আরএইচ



























