বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।
দুদকের পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক খাইরুল হাসান এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব আবেদন করেন।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করেছে দুদক। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করার জন্য তার আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।
সূচনা ফাউন্ডেশনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনটি ২০১৫-২০১৬ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমা সংক্রান্ত রেকর্ডপত্র সৃজন এবং অডিট প্রতিবেদনে আয়কর খরচ হিসেবে ওই টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রদর্শন করে সরকারি ৯৯ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ মোট লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























