জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৮ অক্টোবর) তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তর বিভাগের ইন্সপেক্টর ফরিদ উদ্দিন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সে সব মামলায় রিমান্ড মঞ্জুর হয়।
এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেননি তদন্ত কর্মকর্তা। পরে আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন। গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























