টঙ্গীর মাদরাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা শাহজালাল রুমি দেশেই আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান)। রুমি তার বিরুদ্ধে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।
আইনজীবী রুহুল আমীন মোল্লা বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এক নাগরিক। যিনি বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে আইনি পথেই নিজের ও পরিবারের নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে চাচ্ছেন।
রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বলেও জানান আইনজীবী।
২১ অক্টোবর টঙ্গীর একটি মাদরাসার সাত বছরের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই যৌন নিপীড়নের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন শিশুটির বাবা।
অন্যদিকে মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে দায়ের করা পাল্টা মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলা দায়েরের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। গতকাল সোমবার রাতে সাংবাদিকদের কাছে দেশ ছেড়ে যাওয়ার কথা জানান রুমি। তিনি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















