সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের নিয়ালা শহরে সোমবার সন্ধ্যায় এক ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, গত রাতের হামলায় ২১ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৪০ জনেরও বেশি।
শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে হামলাটি হয়। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরাও যাতায়াত করতেন। বিশেষ করে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সদস্যরা সেখানে ঘোরাফেরা করতেন।
নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন গড়ে তুলেছে, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সুদানের সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।
আরএসএফের নিয়ন্ত্রণাধীন নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ এই ড্রোন হামলাটি ঠিক কে চালিয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ
























