সাজেকের চলমান পরিস্থিতি নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে রাঙামাটিতে হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা সমাধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্ভব হলে সোমবারই (২৬ অক্টোবর) কমিটির সদস্যরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। প্রধান অতিথি ছিলেন ওয়াদুদ ভূঁইয়া।
সভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাজেকের বর্তমান পরিস্থিতি নিরসন করা সবার দায়িত্ব। যা ঘটেছে, তা আর বাড়তে দেওয়া যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সাজেকে অবরোধকে কেন্দ্র করে দুটি সংগঠনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন নামে একটি আন্দোলনকারী সংগঠনের বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে।
সাজেক একটি পরিচিত পর্যটনকেন্দ্র উল্লেখ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পর্যটন মৌসুমে সেখানে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় রাঙামাটি-২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সাজেকে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি রোধ করে কীভাবে সমস্যার সমাধান করা যায়, সেটিই এ সভার মূল উদ্দেশ্য। সবার মতামত শুনে সম্মিলিতভাবে সমাধানের পথে এগোতে হবে।
তিনি আরও বলেন, দ্রুত সাজেকে আগের মতো স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং জেলার হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস

























