উৎসবের আমেজ কাটার পর আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টায় থাকেন অনেকেই। পূজায় লুচি, মিষ্টি, বিরিয়ানি কিংবা তেলেভাজার মতো লোভনীয় খাবার খাওয়া অস্বাভাবিক কিছু নয়।
তবে এই অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শরীরে যেমন অলসতা আসে, তেমনি ওজন বাড়ার ঝুঁকিও তৈরি হয়। অতিরিক্ত মেদ ঝরাতে এবং বিপাকহার (মেটাবলিজম) বাড়িয়ে দ্রুত রুটিনে ফিরতে রোজ সকালে খালি পেটে পান করতে পারেন বিশেষ কিছু ভেষজ চা। চলুন, জেনে নিই সহজ উপায়ে ঘরে তৈরি করার মতো তিনটি ভেষজ চায়ের রেসিপি।
আদা, লেবু ও মধুর চা
উপকরণ: ১ ইঞ্চি আদা কুচি, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু এবং ১ কাপ পানি।
তৈরি পদ্ধতি: ফুটন্ত পানিতে আদা কুচি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে ছেঁকে নিতে হবে। পানি কিছুটা ঠাণ্ডা হলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।
উপকারিতা: আদা হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বর্জ্য বের করে মেদ ঝরাতে কার্যকর ভূমিকা রাখে।
দারচিনি ও জিরার চা
উপকরণ: আধা চামচ জিরে, ১টি ছোট টুকরো দারচিনি এবং ১ কাপ পানি।
তৈরি পদ্ধতি: রাতে ১ গ্লাস পানিতে জিরা ও দারচিনি ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি মিনিট পাঁচেক ফুটিয়ে হালকা গরম অবস্থায় ছেঁকে পান করুন।
উপকারিতা: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এই মিশ্রণটি দ্রুত শরীরের মেদ গলাতে সাহায্য করে।
গ্রিন টি ও পুদিনার চা
উপকরণ: ১টি গ্রিন টি ব্যাগ, ৪-৫টি টাটকা পুদিনা পাতা এবং ১ কাপ পানি।
তৈরি পদ্ধতি: পানি ফুটিয়ে তাতে পুদিনা পাতা ও গ্রিন টি ব্যাগ ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন।
এরপর চা ব্যাগটি তুলে কুসুম গরম অবস্থায় পান করুন।
উপকারিতা: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই চা শরীরে চর্বি জমার প্রক্রিয়া ধীর করে এবং সারাদিন প্রাণবন্ত রাখতে সাহায্য করে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























