কাতারের উত্তর উপকূলে একটি জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে ট্যাংকার জাহাজটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা জানানো হয়নি।
সম্প্রতি হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। তবে নতুন এই হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, তা জানায়নি ইউকেএমটিও।
সংস্থাটি বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হামলার শিকার জাহাজটি কোন দেশের, সেটিও জানানো হয়নি।
এদিকে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে কাজ করা প্রকাশনা দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিম অংশে কোনো ট্যাংকারে হামলার এটিই প্রথম খবর।
বাংলা৭১নিউজ/আরএইচ




























